নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা ঢাকায়
নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা ঢাকায়
বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন রিভা গাঙ্গুলী দাস । ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় । ঢাকায় আসার আগে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের ( আইসিসিআর ) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন । রিভা গাঙ্গুলী দাস ১৯৮৬ সালে পেশাদার কূটনীতিক হিসেবে ভারতীয় পররাষ্ট্র সেবায় যোগ দেন । তিনি দিল্লী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন । পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানের আগে তিনি দিল্লী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন ।
রিভা গাঙ্গুলী দাস তাঁর ৩৩ বছরের কূটনৈতিক কর্মজীবন শুরু করেন স্পেন থেকে । এরপর তিনি সদরদপ্তরে বহিঃপ্রচার নেপাল এবং পাসপোর্ট ও ভিসাসংক্রান্ত বিভাগে দায়িত্ব পালন করেন । ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের সাংস্কৃতিক শাখার প্রধানও ছিলেন তিনি ।
ঢাকা থেকে ফিরে তিনি ভারতের বিদেশ মন্ত্রণালয়ের জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য পরিবেশগত সমঝোতায় অংশ নেন । তিনি নেদারল্যান্ডেসের হেগে ভারতীয় দূতাবাসের উপপ্রধানের দায়িত্বও পালন করেন ।
২০০৮ – ২০১২ সাল পর্যন্ত তিনি সাংহাইয়ে ভারতীয় কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব করেন । চীন থেকে ফিরে তিনি বিদেশ মন্ত্রণালয়ে জনকূটনীতি বিভাগ এবং ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান বিভাগের নেতৃত্ব দেন । রোমানিয়া , আলবেনিয়া ও মলদোভায় ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে এবং নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন । তিনি হিন্দি , বাংলা , স্প্যানিশ ও ইংরেজি ভাষায় পারদর্শী ।
ছবিঃ সংগ্রহ

