কাবা

পহেলা মহররম থেকে বিদেশিদের ওমরাহ করার অনুমতি দেবে সৌদি আরব

করোনা মহামারির কারণে বিদেশিদের ওমরাহ পালনের অনুমতি দেয়নি সৌদি আরব। এমনকি হজ্জের সময়ও অনুমতি দেয় নি। এবার নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব।

পহেলা মহররম (১০ আগস্ট) থেকে বিদেশিদের ওমরাহ করার অনুমতি দেবে দেশটি। তবে কোন কোন দেশ থেকে যাওয়ার অনুমতি দেয়া হবে, সেই তালিকা প্রকাশ করেনি সৌদি আরব কর্তৃপক্ষ।

সৌদির হজ্জ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-ওমাইরি আল আরাবিয়াকে বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ওমরাহ পালনে বিদেশ থেকে আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে করোনা ভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা এবং নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে।

এর আগে ১ নভেম্বর থেকে সৌদি আরবের বাইরে থেকেও মুসল্লিরা ইবাদতের উদ্দেশে মসজিদুল হারামে প্রবেশের সুযোগ পেয়েছিল। কিন্তু বিশ্বের কয়েকটি দেশে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ায় সংক্রমণ এড়াতে আবারও তা স্থগিত করা হয়। এ বছর ‘বিশেষ শর্ত’ অনুযায়ী হজ্জ আয়োজন করেছে সৌদি আরব সরকার।

করোনা মহামারি ছড়িয়ে পড়ার আগে প্রতিবছর সারা বিশ্ব থেকে ২৫ লাখের বেশি মানুষ হজ্জ পালন করতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় যেতেন।

এছাড়া, সারা বছরই ওমরাহ পালন করতে গোটা বিশ্ব থেকে হাজার হাজার মুসলমান সৌদি আরবে যান। হজ্জ থেকে সৌদি আরব প্রতিবছর প্রায় ১ হাজার ২শ’ কোটি মার্কিন ডলার আয় করে থাকে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর