গ্রহানু

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশালাকার গ্রহাণু

ঘন্টায় ৪৮ হাজার কিলোমিটার গতিবেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু। মহাকাশ গবেষণা কেন্দ্র জানিয়েছে গ্রহাণু ২০২০ এনডি পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। সে জন্য ২৪ জুলাই সতর্কতা জারি করেছে নাসা। সম্প্রতি বিজ্ঞানীরা বিশালাকার গ্রহাণু নিয়ে শঙ্কিত। যা দ্রুতগতিতে ছুটে আসছে পৃথিবীর দিকে।

নাসার বিজ্ঞানীরা বলেছেন, গ্রহাণুটি বিশালাকার। লন্ডন আইয়ের চেয়ে দেড়গুণ বড় এই গ্রহাণু। ঘটনাটি আপাতত ঝুঁকিপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ১৭০ মিটারের অতিকায় গ্রহাণু পৃথিবীর ০.০৪৩ অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট (এইউ) দূরত্বের মধ্যে চলে আসবে। এক এইউ (১৪৯,৫৯৮,০০০ কিমি) পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্বের সমান। গ্রহাণুটির গতিবেগ ঘন্টায় ৪৮ হাজার কিমি। তবে বিজ্ঞানিরা জানিয়েছেন, পৃথিবীর কান ঘেষে পার হয়ে যাবে গ্রহাণুটি।

উল্লেখ্য, আজ সূর্য ওঠার আগেই চাঁদের সঙ্গে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি এই পাঁচটি গ্রহ আকাশে পরিলক্ষিত হয়েছে। তবে আকাশ মেঘলা থাকায় অনেক জায়গায় এই দৃশ্য দেখা যায়নি। কিন্তু বিশ্বের অনেক অঞ্চল থেকে এই ব্রহ্মাণ্ড রহস্য ঘেরা দৃশ্য দেখা গেছে।

মহাকাশ গবেষক জেফরি হান্ট এর আগে জানিয়েছিলেন যে, আজ সূর্য ওঠার ঘণ্টা খানেক আগে উজ্জ্বল নক্ষত্রের মতো বুধ, মঙ্গল, শনি ও বৃহস্পতি গ্রহকে দেখা যাবে। বুধকে দেখা যাবে আকাশের উত্তর-উত্তরপশ্চিম দিকে, দক্ষিণ-পূর্বে দেখা যাবে মঙ্গল গ্রহকে ও দক্ষিণ-পশ্চিমে বৃহস্পতি ও শনি গ্রহকে দেখা যাবে।

তিনি আরও জানিয়েছিলেন, ভাগ্য ভালো থাকলেও টেলিস্কোপের সাহায্য ছাড়াই অর্থাৎ খালি চোখে দেখা যেতে পারে এই গ্রহগুলো। তবে আমাদের দেশে বেশির ভাগ এলাকায় আকাশে মেঘলা থাকায় এমন দৃশ্য উপভোগ করতে পারেনি মহাকাশ প্রিয়রা।

এর কিছুদিন আগে দেখা গেছে বলায়গ্রাস সূর্যগ্রহণ, এরপর হয়ে গেল চন্দ্রগ্রহণ। গত ১৫ তারিখ থেকে আকাশে অপূর্ব সৌন্দর্যের দৃশ্যে ধূমকেতুর আনাগোনা পরিলক্ষিত হয়ে আসছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর