বেইজিং-এ প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
বেইজিং-এ প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিয়াওনিং প্রদেশের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ( ডব্লিউইএফ ) বার্ষিক সম্মেলনে যোগদান শেষে আজ সকালে চীনের রাজধানী বেইজিং-এ পৌঁছেছেন ।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা চীন সরকারের একটি ভাড়া করা বিমানে স্থানীয় সময় সকাল ১১টা ৫ মিনিটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ।
বেইজিং বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয় ।এসময় চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে ।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে দিয়ায়োতাই স্টেট গেস্ট হাউজে নেওয়া হয় । চীনের রাজধানীতে সফরকালে শেখ হাসিনা এখানেই অবস্থান করবেন ।
দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলনে যোগদান ছাড়াও প্রধানমন্ত্রী বেইজিং ভিত্তিক চীনের কেন্দ্রীয় টেলিভিশন চ্যানেলের অংশ সিজিটিএনকে সাক্ষাৎকার প্রদান করবেন । সেইসঙ্গে লেজেনডেল হোটেল ওয়াংফুজিং-এ প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত নাগরিক সংবর্ধনা ও নৈশভোজে যোগদান করবেন ।
বেইজিং-এ অবস্থানকালে প্রধানমন্ত্রী ৪ জুলাই চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও ৫ জুলাই প্রেসিডেন্ট জি জিংপিং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আংশগ্রহণ করবেন । দ্বিপক্ষীয় বৈঠকে ঢাকার সঙ্গে বেইজিং-এর বিভিন্ন বিষয়ে সহযোগিতামূলক একাধিক চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে । চীনের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে একটি বিজনেস রাউন্ডটেবিলেও আংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন গত শুক্রবার বলেন , আগামী ২ জুলাই থাকা ৬ জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ দিনের সরকারি চীন সফরে রোহিঙ্গা সমস্যা আলোচনায় সর্বাধিক প্রাধান্য পাবে এবং এ সময় ঢাকা এবং বেইজিং-এর মধ্যকার ৮ টি চুক্তি স্বাক্ষরিত হবে । রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বেইজিং কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে ।
ছবিঃ সংগ্রহ

