বইছে মৃদু শৈত্যপ্রবাহ
বইছে মৃদু শৈত্যপ্রবাহ
বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে । কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৃদু শৈত্যপ্রবাহটি আগামী দুই তিনদিন চলবে। মাঝখানে বিরতি দিয়ে আবার একটি শৈত্যপ্রবাহ আসবে । ডিসেম্বরের শেষ সপ্তাহে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
আগামীকাল সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। আগামী ২৪ ঘন্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৬ মিনিটে।
আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ছবিঃ সংগ্রহ

