রাষ্ট্রপতি বিচারপতি

বিচারকদের দক্ষতা ও দ্রুততার সাথে মামলা নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে-রাষ্ট্রপতি

বিচারক ও সংশ্লিষ্টদের প্রতি দক্ষতার সাথে দ্রুত মামালা নিষ্পত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ । বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত ৯ জন বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন  ।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত বিচারপতিগণ বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন , ‘বিচার বিভাগ সাধারণ জনগণের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। বাংলাদেশে জনসংখ্যার তুলনায় বিচারকের সংখ্যা কম। তাই বিচারকদের দক্ষতা ও দ্রুততার সাথে মামলা নিষ্পত্তিতে উদ্যোগ নিতে হবে।’

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন , রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, আইনজীবী, বিচারপতি ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় বিচার কার্যক্রম ত্বরান্বিত হবে। তথ্য প্রযুক্তি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি বিচার কাজে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন , এতে মামলার শুনানি দ্রুততার সাথে সম্পন্ন হওয়ার সাথে সাথে বিচার কাজে আরো গতিশীলতা আসবে। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, নবনিযুক্ত বিচারপতিগণ সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন।

রাষ্ট্রপতি নবনিযুক্ত বিচারপতিদের অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেন।

নবনিযুক্ত ৯ বিচারপতিরা হলেন- মোহাম্মদ মাহাবুব-উল-ইসলাম, শাহেদ নুরুদ্দিন, মো. জাকির হোসেন, মো. আখতারুজ্জামান, মো. মাহমুদ হাসান তালুকদার, কাজী এবাদত হোসেন, কে এম জাহিদ সারোয়ার, এ কে এম জহিরুল হক ও কাজী জিনাত হক। বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণও এ সময় উপস্থিত ছিলেন।

ছবিঃ সংগ্রহ

আরও খবর