বিশ্ববিদ্যালয়ে অনুকুল পরিবেশ ও শিক্ষার মান নিশ্চিত করতে হবে – রাষ্ট্রপতি
বিশ্ববিদ্যালয়ে অনুকুল পরিবেশ ও শিক্ষার মান নিশ্চিত করতে হবে – রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান নিশ্চিত করতে এবং ক্যাম্পাসে শিক্ষার অনুকুল পরিবেশ বজায় রাখা , এক্সট্রা কারিকুলাম ও গবেষণা কাজ পরিচালনায় আরো কাজ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ।
বঙ্গভবনে মঙ্গলবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইমরান কবির চৌধুরী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের সাথে পৃথক সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন ।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এবিষয়ে ব্রিফিং-এ বলেন , রাষ্ট্রপতি শিক্ষার্থীদের শুধুমাত্র লেখাপড়ার মধ্যেই সীমাবদ্ধ না রেখে এক্সট্রা কারিকুলাম ও গবেষণা কাজে মনোনিবেশ করাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন । এসময় রাষ্ট্রপতি সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে বৈঠকে রাষ্ট্রপতি ক্যাম্পাসে শিক্ষার অনুকুল পরিবেশ বজায় রাখতে ও শিক্ষার্থীরা যাতে আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণ করতে পারে এ জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান । রাষ্ট্রপতি ক্যাম্পাসে গবেষণার ওপরও সর্বোচ্চ গুরুত্ব দেন । বৈঠকে ভিসি ইমরান কবির চৌধুরী বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান ।
বৈঠকে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন ।
ছবিঃ সংগ্রহ

