বিশ্ব ইজতেমা

বিশ্ব ইজতেমায় প্রথম পর্বের আখেরী মোনাজাত আজ

বিশ্ব ইজতেমায় প্রথম পর্বের আখেরী মোনাজাত আজ রোববার। আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জনে বিশ্বের অর্ধশতাধিক দেশের লাখো মুসল্লির মহাসমাবেশর প্রথম পর্ব আজ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে।

ধর্মপ্রাণ মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমায় আখেরী মোনাজাতে শরিক হতে শনিবার থেকেই রাজধানীর আশ-পাশের এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমা ময়দানে এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান নিয়েছেন।              

আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাতের শীর্ষ বুজুর্গ ও কাকরাইল মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ যোবায়ের।

এর আগে রাজধানী ঢাকার উপকণ্ঠ টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলীগ জামাতের বার্ষিক মহাসম্মেলন বিশ্ব ইজতেমার প্রথম দিনে বিশ্বের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে। ইজতেমায় অংশগ্রহণকারী লাখ লাখ মুসল্লি ছাড়াও রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ রেলপথ, সড়কপথ, নৌপথসহ বিভিন্ন যানবাহনে করে এবং অনেকে পায়ে হেটে শরিক হন এই বৃহত্তম জুমার জামাতে।

আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার মধ্যরাত থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্ট থেকে জয়দবেপুর চৌরাস্তা,ঢাকা-সিলেট সড়কের গাজীপুর সদরের মীরেরবাজার থেকে টঙ্গী ও আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কের আব্দুল্লাহপুর থেকে বাইপাস সড়ক পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। আখেরি মোনাজাত উপলক্ষে বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সব আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন টঙ্গীতে যাত্রাবিরতি করছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ রোববার ভোর ৫টা থেকে বিমানবন্দর-গাজীপুরের জয়দেবপুর, চৌরাস্তা, মীরেরবাজার-টঙ্গী, আবদুল্লাপুর থেকে বাইপাস সড়কে আশুলিয়ায় ব্যারিকেড দিয়ে ইজতেমাসংলগ্ন এলাকায় যান চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটান পুলিশ কর্তৃপক্ষ।

ইজতেমার প্রথম পর্বে সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা, চাঁদ, ইথিওপিয়া, ফ্রান্স, জার্মানি, ভারত, পাকিস্তান, রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, স্পেন, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, খিরকিজস্তান, মালয়েশিয়া, মরক্কো, নেপাল, কেনিয়া, কুয়েত, কাতার, বাহরাইন, জর্দান, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা অংশ নিয়েছেন। বিভিন্ন ভাষা-ভাষী ও মহাদেশ অনুসারে ইজতেমা ময়দানে বিদেশি মেহমানদের ভিন্ন ভিন্ন তাঁবু নির্মাণ করা হয়েছে। সেখানে তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।

আগামী ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে এবং ১৯ জানুয়ারি আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

ছবিঃ সংগ্রহ

আরও খবর