প্রধানমন্ত্রী

ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা   

চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বৃহস্পতিবার সকালে তিনি দিল্লির উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন । ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তাঁর এই সফর ।

সফরের প্রথম দুই দিনে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘ইন্ডিয়া ইকোনমিক সামিট’-এ যোগ দেবেন। সফরের শেষ দুই দিন ৫ ও ৬ অক্টোবর শেখ হাসিনা দ্বিপাক্ষিক সফর করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঐতিহাসিক হায়দরাবাদ হাউজে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় আসাম রাজ্যে প্রণীত নাগরিক পঞ্জি (এনআরসি) ও তিস্তা ইস্যুসহ সব বিষয়ে কথা বলবেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান , দুই প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক আলোচনায় সীমান্ত হত্যা, সন্ত্রাসবাদবিরোধী, সহায়তা বাণিজ্য, নৌপরিবহন, বন্দর ব্যবস্থাপনা, বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালকে নিয়ে গঠিত উপ-আঞ্চলিক জোট, অভিন্ন নদীর পানি বণ্টন-সংক্রান্ত কাঠামো চুক্তি, রোহিঙ্গা, উন্নয়ন, জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন । এছাড়া যুব ও ক্রীড়া, সমুদ্র গবেষণা, অর্থনীতি, বাণিজ্য, পণ্যের মান নিয়ন্ত্রণ, শিক্ষাসহ কয়েকটি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারকে সইয়ের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে ১০-১২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে তিনি জানান ।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। শেখ হাসিনা হায়দরাবাদ হাউজে আনুষ্ঠানিক ভোজসভায় যোগ দেবেন এবং পরিদর্শক বইয়ে স্বাক্ষর করবেন।

ভারতের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। শ্যাম বেনেগালকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর চলচ্চিত্র নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে ।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে গেছেন শিক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ভূমিমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, অর্থনীতিবিষয়ক, আন্তর্জাতিক, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টাবৃন্দ, জ্বালানি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পানিসম্পদ উপমন্ত্রী, বেশ কয়েকজন সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ব্যবসায়ী প্রতিনিধি দল ।

প্রধানমন্ত্রী নয়াদিল্লি সফর শেষে আগামী রবিবার রাতে ঢাকায় ফিরবেন ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর