ভারতের পদ্ম শ্রী ও পদ্ম ভূষণ পদক পেলেন দুজন বাংলাদেশী
ভারতের পদ্ম শ্রী ও পদ্ম ভূষণ পদক পেলেন দুজন বাংলাদেশী
ভারতের অন্যতম বেসামরিক সম্মানজনক পদ্মপদক পেয়েছেন দুজন বাংলাদেশী। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বছর পদ্মপদক প্রাপ্তদের নাম ঘোষণা করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক ‘পদ্ম ভূষণ’ পেয়েছেন বাংলাদেশি কূটনীতিবিদ প্রয়াত সৈয়দ মোয়াজ্জেম আলী। আর তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক ‘পদ্ম শ্রী’ পেয়েছেন প্রত্নতত্ববিদ এনামুল হক।
ভারতের রাষ্ট্রপতি দেশটির সর্বোচ্চ বেসামরিক পদক পদ্ম বিভূষণ, পদ্ম ভূষণ এবং পদ্মশ্রী পদকের জন্য ১৪১ জনের নাম অনুমোদন করেছেন। এই তালিকায় সৈয়দ আলীর নাম ৯ম স্থানে এবং এনামুল হকের নাম ৬৪তম স্থানে রয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (২৫ জানুয়ারি) এক বার্তায় জানিয়েছে, সৈয়দ মোয়াজ্জেম আলী ভারতের পদ্মভূষণ পদক পেয়েছেন। প্রত্নতত্ত্ববিদ এনামুল হক পেয়েছেন পদ্মশ্রী পদক। নয়াদিল্লীর এই ঘোষণার পর ঢাকায় ভারতীয় হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে সৈয়দ মোয়াজ্জেম আলীর সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ছবি পোষ্ট করা হয়।
উল্লেখ্য সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ক্রীড়া, মানবসেবা ইত্যাদি বিষয়ে খ্যাতি অর্জন করা ও বিশিষ্ট সেবা প্রদানকারী ব্যক্তিকে ভারত সরকার প্রতিবছর তিন ধরনের পদ্ম সম্মাননা প্রদান করে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, প্রতিবছরের মতো এবারও মার্চ-এপ্রিল মাসে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠানের মাধ্যমে পদক প্রাপ্তদের হাতে পদক তুলে দেওয়া হবে।
এর আগে ২০১৪ সালে সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক আনিসুজ্জামানকে পদ্মভূষণ এবং তার আগের বছর সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরীকে পদ্ম শ্রী পুরস্কারে ভূষিত করে ভারত সরকার।
ছবিঃ সংগ্রহ

