মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১০ নম্বর মহাবিপদ সংকেত
মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১০ নম্বর মহাবিপদ সংকেত , চট্টগ্রামে ৯ নম্বর ও কক্সবাজারে ৪ নম্বর সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর ।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে সকাল ছয়টা নাগাদ চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।
শনিবার সন্ধ্যা নাগাদ বাংলাদেশের খুলনা তথা সুন্দরবন উপকূলে বুলবুল আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটার এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের আঘাতে ৫ থেকে ৭ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে।
সাগরে অবস্থানরত ট্রলার ও মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ।
আটটি জেলাকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত করেছে আবহাওয়া অধিদফতর । জেলাগুলো হলো- খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, চাঁদপুর ও ভোলা।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে , ঘূর্ণিঝড় বুলবুল আন্দামান সাগরে উৎপত্তি হয়েছে। পরে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রবল ঘুর্ণিঝড়ে রুপ নেয়।
শুক্রবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান এক ব্রিফিংয়ে জানিয়েছেন, ঘূর্ণিঝড় বুলবুল আগামীকাল শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে যে কোন সময় বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। এসময় সৃষ্ট জলোচ্ছ্বাসের উচ্চতা ৫ থেকে ৭ ফুট পর্যন্ত হতে পারে। স্থানীয় এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ।
ছবিঃ সংগ্রহ

