মৃদু ও মাঝারী শৈত্য প্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে
মৃদু ও মাঝারী শৈত্য প্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু ও মাঝারী ধরনের শৈত্য প্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাঙ্গামাটি, ফেনী, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলা জেলা এবং সীতাকুন্ড উপজেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্য প্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে । এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৪৩ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪০ মিনিটে।
ছবিঃ সংগ্রহ

