রক্তের গ্রুপ

যে রক্তের গ্রুপের ব্যক্তিদের করোনা সংক্রমণের ঝুঁকি বেশি

করোনা ভাইরাস সংক্রমণে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন এ পজেটিভ ও এ নেগেটিভ রক্তের গ্রুপের ব্যক্তিরা। সাউথ চায়না মর্নিং পোস্টের একটি খবরে বলা হয়, এ পজেটিভ ও এ নেগেটিভ ব্লাড গ্রুপের মানুষরা বেশি আক্রান্ত হচ্ছেন করোনায়।

অন্যদিকে সবচেয়ে কম আক্রান্ত হচ্ছেন ও পজেটিভ ব্লাড গ্রুপের মানুষ। খবরটিতে আরো বলা হয়, চীনে করোনা ভাইরাসে আক্রান্ত সব রোগীর পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

করোনা ভাইরাসের উৎপত্তি স্থল চীনে যারা আক্রান্ত হয়েছিলেন তাদের রক্ত নিয়ে প্রাথমিক গবেষণায় এমন তথ্য পেয়েছেন দেশটির গবেষকরা। তারা দেখেছেন, ও গ্রুপের রক্তের ব্যক্তিদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। এদের শরীরে করোনা প্রতিরোধী ক্ষমতা অনেকটাই বেশি।

গবেষকরা চীনের উহান ও শেনজেনের করোনা আক্রান্ত দুই হাজার ব্যক্তির রক্ত সংগৃহ করে গবেষণা চালান। তারা দেখতে পান, রক্তের এ গ্রুপের ব্যক্তিদের করোনায় আক্রান্তের হার বেশি। তাদের মধ্যে করোনায় সংক্রমণের লক্ষণ কয়েকগুণ বেশি।

গবেষণায় রক্তের অন্য গ্রুপের সঙ্গে তুলনা করে দেখা গেছে, রক্তের ও গ্রুপের ব্যক্তিদের করোনা আক্রান্তের ঝুঁকি কম।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উহানে মৃত ২০৬ জনের রক্তের গ্রুপ নিয়ে দেখা গেছে, মৃতদের মধ্যে ৮৫ জনের রক্তের গ্রুপ এ এবং ৫২ জনের রক্তের গ্রুপ ও।

গবেষক দলের প্রধান উং জিংহুয়ান বলেন, করোনার সংক্রমণ এড়াতে এ গ্রুপের রক্তের মানুষদের বেশি সুরক্ষা দেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে প্রায় সাত হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চীনে মৃত্যু হয়েছে তিন হাজার ২৩৭ জনের। আর বিশ্বে আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ ৯৮ হাজার। তবে বিশ্বজুড়ে সুস্থ হয়েছে ৮৩ হাজার মানুষ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর