শীতের তীব্রতা কমবে,হালকা বৃষ্টির পূর্বাভাস
শীতের তীব্রতা কমবে , হালকা বৃষ্টির পূর্বাভাস
আজ থেকে সারাদেশে শীতের তীব্রতা কমে আসলেও চলতি মাসের শেষ দিকে তা বাড়ার সম্ভাবনা রয়েছে ।
দেশের উত্তর -দক্ষিণাঞ্চলসহ সারাদেশে বুধবার রাত থেকে শীতের প্রকোপ বেড়েছে । দক্ষিণাঞ্চলের জেলা ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, খুলনা ও যশোর এবং উত্তরের জেলা চুয়াডাঙ্গা, ও রাজশাহীতে তীব্র শীতের প্রভাব চলছে। ওই অঞ্চলে গত তিনদিন মৌসুমের প্রথম মৃদু শৈত্য প্রবাহ থাকলেও আজ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ থেকে সূর্যের দেখা মিলতে পারে, তখন দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং শীতের তীব্রতা কিছুটা কমে আসবে। তবে ঢাকার পূর্বদিক এবং ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী এবং রংপুরে শীতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে।
চলতি মাসের ২৫/২৬ তারিখের দিকে সারাদেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন আবারো দেশের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফরিদপুরে ১০ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস, যশোরে ১০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, বরিশাল, চুয়াডাঙ্গায় ও মাদারীপুরে ১০ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস, ইশ্বরদীতে ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, তাড়াশে ১০ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস ও কুমিল্লায় ১০ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।
মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে আবহাওয়া অধিদফতর জানায়। আগামী ২৪ ঘন্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এছাড়া রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পেতে পারে।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৭ মিনিটে।
আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
ছবিঃ সংগ্রহ

