প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংসদে ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেট পাস

জাতীয় সংসদে আজ চলতি অর্থবছর ২০১৮-১৯ এর জন্য ১৫ হাজার ১৬৬ কোটি ১৮ লক্ষ ৫৪ হাজার টাকার সম্পূরক বাজেট পাস হয়েছে । অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত ১৩ জুন ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সাথে চলতি অর্থবছরের জন্য একটি সম্পূরক বাজেট পেশ করেন ।

সম্পূরক বিল-২০১৯ পাসের মধ্য দিয়ে এই সম্পূরক বাজেট পাস হয় । সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ অর্থমন্ত্রীর পক্ষে সংসদে এ বিল উত্থাপন ও পাসের প্রস্তাব করেন

আজ সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে ৩৫টি মঞ্জুরি দাবি উত্থাপন এবং কণ্ঠভোটে পাসের মধ্য দিয়ে সম্পূরক বাজেট পাস হয় ।

এর আগে বিরোধী দলের সদস্যরা সম্পূরক বাজেটের ওপর মোট ১১৭টি ছাঁটাই প্রস্তাব আনেন । এর মধ্যে ৪টি দাবির ওপর আনা ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা হয় । এসব মঞ্জুরি দাবির মধ্যে রয়েছে , জননিরাপত্তা বিভাগ , গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় , স্থানীয় সরকার বিভাগ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় । তবে এ ছাঁটাই প্রস্তাবসহ সব প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায় ।

এর আগে গতকাল রোববার সম্পূরক বাজেটের ওপর আলোচনা অনুষ্ঠিত হয় । এ অলোচনার প্রেক্ষিতে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রীর পক্ষে আজ সম্পূরক বাজেটের ওপর সমাপনি ভাষণ দেন ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর