সিলেট সিটির সাবেক মেয়র কামরান আর নেই
সিলেট সিটির সাবেক মেয়র কামরান আর নেই
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান আর নেই।ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি …রাজিউন)।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকায় অবস্থানরত তার ছোট ভাই এনাম আহমদ।
তিনি জানান, রোববার সন্ধ্যার দিকে বদর উদ্দিন আহমদ কামরানের হার্টে মাইল স্টোক হয়েছিল। রাত ২টার পর আবারও হার্ট অ্যাটাক হলে তিনি মারা যান।
বদর উদ্দিন আহমদ কামরান ১৯৫১ সালের ১ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে সিলেট মহানগরসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সিলেটের মানুষের সুখে-দুঃখে সাথী ছিলেন তিনি । করোনা ভাইরাস পরিস্থিতিতে লকডাউনের কারণে অসহায় হয়ে পড়া মানুষের জন্য মানবিক হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি।
এই দুর্দিনে তিনি করোনায় সংক্রমিত হতে পারেন জেনেও অসহায় মানুষের বাড়িতে নিজে খাদ্যসামগ্রী বহন করে নিয়ে গেছেন।
গত ৫ জুন সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরআগে ২৭ মে তার স্ত্রী আসমা কামরান করোনায় আক্রান্ত হন। করোনা আক্রান্ত হওয়ার পর বাসায় আইসোলেশনে ছিলেন তিনি। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে গত ৬ জুন তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে ৭ জুন সন্ধ্যায় তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে বিমানবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে এসে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল।
সিলেট পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হয় ২০০২ সালের ২৮ জুলাই। বিলুপ্ত পৌরসভার চেয়ারম্যান বদর উদ্দিন আহমদ কামরানকে নবগঠিত সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র করা হয়। এর পর ২০০৩ সালের ২০ মার্চের নির্বাচনে তিনি আনারস প্রতীক নিয়ে তৎকালীন সরকারি দল বিএনপির প্রার্থী এমএ হককে বিপুল ভোটে পরাজিত করে সিলেটের প্রথম মেয়র নির্বাচিত হন। এর আগে ১৯৭৩ সালে উচ্চ মাধ্যমিক পড়াকালীন সিলেট পৌরসভার সর্বকনিষ্ঠ কমিশনার নির্বাচিত হয়েছিলেন কামরান।
সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র কামরান সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগেরও কার্যনির্বাহী কমিটির সদস্য।
কামরানের মরদেহ সিলেটে নিয়ে গিয়ে সেখানেই তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানায়।
ছবিঃ সংগ্রহ

