সৌদি বাদশার আমন্ত্রণে হজ্জ পালন করবেন ১৩০০ জন অতিথি
চলতি বছর হজ্জ পালনের জন্য বিশ্বের ৯০টি দেশর ১ হাজার ৩০০ ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর নির্দেশ দিয়েছেন পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান। তার অতিথি হয়ে প্রতি বছর বিভিন্ন দেশের মানুষ হজ্জ করে থাকেন। অতিথিদের হজ্জের সমস্ত ব্যয়ভার সৌদি সরকার বহন করে।
দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স, কল অ্যান্ড গাইডেন্স মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ আল-শেখ বলেন, ইসলামিক বিশ্বের সঙ্গে সম্পোর্ক উন্নয়নে যে প্রচেষ্টা রাজতন্ত্র করে থাকে, এটি তারই প্রতিফলন। বাদশাহ সালমানের নির্দেশনায় সৌদি আরব ইসলাম ও মুসলমানদের সেবায় যে বার্তা দিচ্ছে, এতে বিশ্বের জনগণের মধ্যে ইসলামী ঐক্যের বন্ধন আরও গভীর হচ্ছে।
সৌদি প্রেস এজেন্সিকে আল-শেখ বলেন, এই অসাধারণ আয়োজন, প্রতি বছর সৌদি সরকারের অর্থায়নে করা হয়। এর মাধ্যমে বিশ্বের হাজার খানেক মুসলিম হজ্জ করার সুযোগ পেয়ে থাকেন। এই সুসংগঠিত ব্যবস্থায় তাদের সর্বোচ্চ সেবা প্রদান করা হয়।
এদিকে চলতি মাসের শুরুতে এক হাজার ফিলিস্তিনি হজ্জ যাত্রীর জন্য হজ্জ পালনের ব্যবস্থা করার নির্দেশ দেন বাদশাহ সালমান।
যেসব দেশের মুসলিমরা বাদশার অতিথি হয়ে হজ্জ পালনের সুযোগ পেয়েছেন তাদের বিষয়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং ধর্মীয় সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে সৌদি সরকার। ভিসা প্রদান, হজ্জ করতে আসা এবং হজ্জ করে নিজ দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত পুরো বিষয়টির সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
ছবিঃ সংগ্রহ

