সুপ্রিম কোর্ট

স্থগিত হওয়া বার কাউন্সিলের পাঁচটি কেন্দ্রের পরীক্ষা ফেব্রুয়ারিতে

স্থগিত হওয়া বার কাউন্সিলের পাঁচটি কেন্দ্রের পরীক্ষা ফেব্রুয়ারির শেষ সপ্তাহে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন জানান, হল পাওয়া সাপেক্ষে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পরীক্ষা গ্রহণ করা হবে।

আইন অনুযায়ী ৬ মাস অন্তর পরীক্ষা গ্রহণের বিধান থাকলেও দীর্ঘ ৩ বছরে একটি পরীক্ষার পুরো প্রক্রিয়াও সম্পন্ন করতে পারেনি বার কাউন্সিল। ২০১৯ বছরে ২২ নভেম্বর প্রিলি পরীক্ষার তারিখ ঘোষিত হলেও তা পিছিয়ে দেওয়া হয়। পরে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৬ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা তারিখ ঘোষণা করা হলেও তা পিছিয়ে দেওয়া হয়।

গত ১৯ ডিসেম্বর রাজধানীর ৯টি কেন্দ্রে বার কাউন্সিলের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র কঠিনের অজুহাতে পরীক্ষার্থীদের একাংশ পরীক্ষা বর্জন করেন। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের খাতাপত্র ছিঁড়ে ফেলা, বিশৃঙ্খলা, কেন্দ্র ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি কেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্রের পরীক্ষা বাতিল ঘোষণাপূর্বক পুনরায় পরীক্ষা গ্রহণের নোটিশ জারি করে বার কাউন্সিল।

পাঁচটি কেন্দ্রের পরীক্ষা তারিখ অতি দ্রুত ঘোষণা করা হবে মর্মে নোটিশ জারি হলেও এখন পর্যন্ত লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি। প্রায় ৭০ হাজার শিক্ষার্থী বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার প্রতীক্ষায় রয়েছেন।

অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন বলেন, অন্যান্য পরীক্ষাগুলো এক সঙ্গে আরম্ভ হওয়ায় কেন্দ্র পেতে সমস্যা হচ্ছে। আশা করছি পরীক্ষার হল পাওয়া সাপেক্ষে ফেব্রুয়ারির শেষ সপ্তাহের মধ্যে স্থগিত পরীক্ষা গ্রহণ করা হবে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর