স্বর্ণের নতুন দাম কার্যকর হচ্ছে আজ থেকে
স্বর্ণের নতুন দাম কার্যকর হচ্ছে আজ থেকে
আবারও বাড়ছে স্বর্ণের দাম । স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি ( বাজুস ) দাম বাড়ানোর এ ঘোষণা দিয়েছে । ফলে গত দেড় মাসে পাঁচবার বাড়ল স্বর্ণের দাম ।
রোববার ( ১৮ আগস্ট ) রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম বাড়ানোর তথ্য জানিয়েছে বাজুস । আজ ১৯ আগস্ট থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে । এর আগে গত ৭ আগস্ট স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস এবং তা কার্যকর হয় ৯ আগস্ট থেকে ।
বিজ্ঞপ্তিতে বলা হয় , আন্তর্জাতিক বাজারে ক্রমাগত স্বর্ণের দাম উর্ধবমুখী । ফলে দেশীয় বুলিয়ান মার্কেটে স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয় ।
নতুন দাম অনুযায়ী , সোমবার থেকে ২২ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণ ৪ হাজার ৮৭৫ টাকায় বিক্রি করা হবে । ২১ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি করা হবে ৪ হাজার ৬৭৫ টাকা । ১৮ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি করা হবে ৪ হাজার ২৪৫ টাকায় এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হবে ২ হাজার ৫০০ টাকায় ।
ছবিঃ সংগ্রহ

