২০২৪ সালের হজ্জ নিবন্ধন শুরু ১৫ নভেম্বর থেকে
২০২৪ সালের হজ্জে যেতে ইচ্ছুকদের নিবন্ধন শুরু হবে আগামী ১৫ নভেম্বর থেকে। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার ২০২৪ সালের হজ্জের নিবন্ধন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
এতে বলা হয়, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার (হজ এজেন্সি) হজ্জ যাত্রীরা ১৫ নভেম্বর থেকে নিবন্ধনের টাকা জমা দিতে পারবেন। নিবন্ধনের টাকা জমা নেওয়া হবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ্জ অনুষ্ঠিত হবে। চলতি বছরের মতো আগামী বছরও (২০২৪ সাল) বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্জ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমের কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটায় এক লাখ ১৭ হাজার জন হজ্জ পালন করতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
সরকারিভাবে আগামী বছর হজ্জে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছে। বিশেষ হজ্জ প্যাকেজের মধ্যমে হজ্জ পালনে খরচ হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। সরকারি হজ্জ প্যাকেজের সঙ্গে সমন্বয় করে হজ্জ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) হজ্জ প্যাকেজ ঘোষণা করবে।
প্রাক-নিবন্ধনের সময় নেওয়া ২৯ হাজার টাকা বাদে প্যাকেজের বাকি টাকা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ছবিঃ সংগ্রহ

