২৬ জুলাই থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
২৬ জুলাই থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে , আগামী দু’একদিন বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও সোমবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং ২৬ জুলাই থেকে রংপুর অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ।
সোমবার থেকে সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর , সিলেট , ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী , ময়মনসিংহ , ঢাকা , খুলনা ও বরিশালের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ।
সেইসাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরণের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ।
খুলনা বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে , মৌসুমি বায়ুর বর্ধিতাংশ ভারতের রাজস্থান , হরিয়ানা , উত্তর প্রদেশ , বিহার , পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত । মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল আবস্থায় রয়েছে ।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২২ মিনিটে ।
ছবিঃ সংগ্রহ

