২৮ হাজার ৫৯৫ হজ্জ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন
বাংলাদেশ থেকে সোমবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ২৮ হাজার ৫৯৫ হজ্জ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ৭০টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৪ হাজার ৩১ হজ্জ \ যাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৮২ হাজার ২২৮টি ভিসা ইস্যু করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) হজ্জ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ্জ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।
হেল্প ডেস্কের তথ্য মতে, ৭০টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩১টি, সৌদি এয়ারলাইন্সের ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।
চলতি বছর হজ্জ করতে গিয়ে এখন পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, খলিলুর রহমান (৭০) ও ফরিদুজ্জামান (৫৭)।
গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজ্জ যাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজ্জের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ৩১ মে।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ্জ করতে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ্জ অনুষ্ঠিত হতে পারে। হজ্জ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ্জ এজেন্সির সংখ্যা ৭০টি। হজ্জ ফ্লাইট শুরু হয়েছে ২৯ এপ্রিল। শেষ হজ্জ ফ্লাইট ৩১ মে। হজ্জ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।
ছবিঃ সংগ্রহ

