১০০০ টাকা মূল্যমানের নতুন নোট চালু করল বাংলাদেশ ব্যাংক
১০০০ টাকা মূল্যমানের নতুন নোট চালু করল বাংলাদেশ ব্যাংক
নিরাপত্তা সুতা যুক্ত ১০০০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোটের প্রচলন করল বাংলাদেশ ব্যাংক । ২৩ মে থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এই নোট ইস্যু করা হবে ।
উচ্চ মূল্যমানের ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় করা ও নোট জালকরণ প্রতিরোধের লক্ষ্যে নতুন নিরাপত্তা সুতা ( ক্রোকোডাইল পেটার্ন রোলিং স্টার থ্রেড ) সংযোজন পূর্বক বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত বিদ্যমান ডিজাইন এবং গভর্নর ফজলে কবির এর স্বাক্ষরিত ১৬০ মিমি ও ৭০ মিমি পরিমাপের ১০০০ টাকার ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে । এই নোটের নতুন নিরাপত্তা সুতাটি আগের তুলনায় উন্নততর । এর কারিগরি প্রযুক্তিও নতুন যা জাল প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে ।
নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ১০০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের রং ও ডিজাইন অপরিবর্তিত রেখে শুধুমাত্র নোটের সম্মুখভাগের বামপাশের নিরাপত্তা সুতাটি পরিবর্তন করা হয়েছে । নোটটি বিভিন্ন দিকে ঘুরালে বা কাত করলে সুতার রং সোনালী থেকে হালকা সবুজ এবং গাঢ় সবুজ দৃশ্যমান হবে ।
নোটের রং , ডিজাইন ও অন্যান্য সকল নিরাপত্তা বৈশিষ্ট্য জলছাপ , ওভিআই কালিতে লেখা ১০০০ , দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ৫ টি বিন্দু , মাইক্রোপ্রিন্ট , লুকানো ছাপা , নোটের পিছনের দিকে ইরিডিসেন্ট স্ট্রাইপ ইত্যাদি অপরিবর্তিত থাকবে । প্রচলনে দেওয়া নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটসমূহ বৈধ ব্যাংক নোট হিসেবে চালু থাকবে ।
ছবিঃ সংগ্রহ

